মোঃ মকবুলার রহমান
স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমির ডা. শফিকুর রহমান গতকাল রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত জাতীয় সমাবেশে বক্তব্য প্রদানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। মঞ্চেই তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে তাৎক্ষণিকভাবে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে আজ এক ফেসবুক পোষ্টে জামায়াতের আমির জানান, অসুস্থতার খবর পেয়ে মাননীয় প্রধান উপদেষ্টা তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং নিজ দফতরের প্রেস সচিবকে সরাসরি হাসপাতালে পাঠান। প্রধান উপদেষ্টার এই মানবিকতা ও সহমর্মিতায় গভীরভাবে অনুপ্রাণিত হন ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, “আমার অসুস্থতার সময় মাননীয় প্রধান উপদেষ্টা যেভাবে খোঁজখবর নিয়েছেন এবং তাঁর প্রতিনিধি পাঠিয়ে যে সহমর্মিতা প্রকাশ করেছেন, তা আমার হৃদয়ে চিরস্মরণীয় হয়ে থাকবে। আমি তাঁর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। মহান আল্লাহ তাঁকে উত্তম জাযা দান করুন। আমীন।”
দীর্ঘদিন ধরে দেশের রাজনীতিতে সক্রিয় ডা. শফিকুর রহমান একজন চিকিৎসক এবং ধর্মভিত্তিক রাজনীতির অগ্রগামী নেতৃত্ব। সমাবেশে তাঁর উপস্থিতি ও বক্তব্য দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ সৃষ্টি করেছিল। তবে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সবার মধ্যে উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে।
বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তাঁর দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর দোয়া চাওয়া হয়েছে।