আব্দুল্লাহ আল মামুন,ঝিনাইদহ সংবাদদাতা:
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে উপজেলা আইন-শৃঙ্খলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ মার্চ) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলম।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সম্ভাব্য সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধ, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং জননিরাপত্তা জোরদার করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা অপরাধ দমন, মাদকবিরোধী কার্যক্রম জোরদার এবং জনগণের সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা, হরিণাকুন্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম কিবরিয়া হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ আলমগীর হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুন্সি ফিরোজা সুলতানা, মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল ওয়াহেদ জোয়ার্দার।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর হরিণাকুন্ডু শাখার আমির বাবুল হোসাইন, বিএনপির থানা সভাপতি আবুল হাসান মাস্টারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও শিক্ষকবৃন্দ।
সভায় বক্তারা বলেন, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন ও সাধারণ জনগণের মধ্যে সমন্বয় ও সচেতনতা বৃদ্ধি জরুরি। পাশাপাশি যেকোনো ধরনের সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়।