মোঃ মকবুলার রহমান
স্টাফ রিপোর্টার:
নীলফামারী সদর উপজেলার হরতকিতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন মারুফা বেগম (৪৫) নামের এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে নীলফামারী-ডোমার সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের স্বামী ওমর ফারুক গুরুতর আহত হয়েছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত মারুফা বেগম ডোমারের ছোট রাউতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা এবং তার স্বামী ওমর ফারুক ডোমার বালিকা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক। তাদের বাড়ি বোড়াগাড়ী ইউনিয়নের চান্দিনাপাড়া গ্রামে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, স্বামী-স্ত্রী মোটরসাইকেলযোগে নীলফামারী শহরের দিকে যাচ্ছিলেন। হরতকিতলা এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ইজিবাইককে ওভারটেক করার সময় মোটরসাইকেলের সঙ্গে সেটির ধাক্কা লাগে। এতে দুজনই সড়কে ছিটকে পড়েন। ঠিক তখনই একটি ডোমারগামী ট্রাক সেখানে পৌঁছায় এবং মারুফা বেগমকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান, আর আহত ওমর ফারুককে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে।