মোঃ জয়নাল আবেদীন,স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও
ঠাকুরগাঁওয়ের ৫ উপজেলায় কার্তিক মাসে টানা ৩ দিনের বৃষ্টি ও হালকা বাতাসে চলতি মৌসুমের আমন ধান মাটিতে নুয়ে পড়েছে। এতে আধপাকা ধান শুয়ে পড়ায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন জেলার চাষিরা।
এ মুহূর্তে এসব পড়ে যাওয়া ধানের ক্ষতির হাত থেকে বাঁচতে হেলে পড়া ধান কয়েকটি গোছা একত্রে আঁটি বেঁধে খাড়া করে রাখার পরামর্শ দিয়েছেন কৃষি কর্মকর্তারা।
ঠাকুরগাঁও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত শুধু সদর উপজেলাতেই ৩০ হেক্টর জমির ধান নুয়ে পড়েছে। অন্য উপজেলাগুলোর ক্ষতির হিসাব নির্ণয়ের কাজ চলছে। চলতি মৌসুমে জেলায় মোট ১ লাখ ৩৭ হাজার ২৯০ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে।
শনিবার (১ নভেম্বর) জেলার বিভিন্ন এলাকার মাঠ ঘুরে দেখা যায়, আধাপাকা ও শীষ বেড় হওয়া এমন আগাম পাকা ধানক্ষেতগুলো বৃষ্টিতে মাটিতে লুটিয়ে পড়েছে। বিঘার পর বিঘা জমির ধান পড়ে যাওয়ায় ফলন ও গুণগতমা নিয়ে হতাশায় কৃষকরা।
বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের কাঁচকালী গ্রামের আব্দুল জব্বার নামে এক কৃষক জানিয়েছেন,আশ্বিনের শেষে এমন বৃষ্টি আমাদের এলাকায় বিরল। এ সময় সাধারণত আমন ধান পাকতে ধরেছে। কিন্তু অস্বাভাবিক বৃষ্টিতে এই ধানগুলো হেলে পড়েছে, কিছু কিছু জমির ধানের শীষ পানিতে ডুবে যাচ্ছে। এতে ধানের শীষে কালচে দাগ পড়ছে, অনেক ধানখেতে পচানি শুরু হয়েছে।মোট ১ একর আমন ধানের মধ্যে প্রায় ৩৩ শতক জমির ধান হেলে পড়েছে তার।এতে প্রায় ৩৫ হাজার টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন তিনি।
তিনি বলেন, অনেক কষ্ট করে আবাদ করেছি। এখন ধান পাকার সময়, আর এখনই বৃষ্টি এসে সব নষ্ট করে দিল। জমিতে পানি জমে শীষ ভিজে যাচ্ছে,এতে ফলন অর্ধেক হয়ে যেতে পারে।
ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের কৃষক ওবায়দুর রহমান বলেন, যে ধানগাছ শুয়ে পড়েছে, তাতে কয়েক দিনের মধ্যেই পোকার আক্রমণ বেড়ে যাবে। এতে ধান চিটা হয়ে যাবে। এত পরিশ্রমের ফসল এভাবে নষ্ট হতে বসেছে, ভাবতেই পারছি না। গত বছর ধানের ভালো দাম পাইনি। এবার ভালো ফলনের আশা ছিল; কিন্তু এই ঝড়-বৃষ্টি যেন মড়ার উপর খাঁড়ার ঘা।
এদিকে বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের আব্দুল মতিন নামে এক কৃষক বলেন, সাধারণত এ সময় আবহাওয়া স্থিতিশীল থাকে; কিন্তু এবারের অসময়ের বৃষ্টিতে শুধু কৃষিই নয়, দিনমজুরদের জীবনও বিপর্যস্ত হয়েছে। সারা দিনের বৃষ্টিতে শ্রমজীবী মানুষ কাজ করতে পারেননি, ফলে আয়-রোজগার বন্ধ ছিল। আমন ধানের পাশাপাশি আগাম আলু চাষিরাও ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়ে পড়েছেন।
ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মাজেদুল ইসলাম জানান, নিম্নচাপের প্রভাবে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি—যেসব জমিতে ধান শুয়ে পড়েছে, সেগুলো গোছা/আঁটি করে বেঁধে দিতে। এতে ক্ষতি কিছুটা কমবে।
তিনি আরও বলেন, ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণের কাজ চলছে এবং কৃষকদের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা দিচ্ছে কৃষি বিভাগ।