কাওছার আহমেদ,
জেলা প্রতিনিধি, জামালপুর।।
জামালপুরের ইসলামপুরে মাদক সেবনকে কেন্দ্র করে বিরোধের জেরে অমৃত কর্মকার (৪৭) নামে এক স্বর্ণকার ব্যবসায়ীকে লোহার রড দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ নভেম্বর) দুপুরে উপজেলার মুন্নিয়ারচর এলাকার খাটিয়ামাড়ি বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত রাশেদ মন্ডল (৪৮) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।
নিহত অমৃত কর্মকার ইসলামপুর উপজেলার গুঠাইল গ্রামের বাসিন্দা। অভিযুক্ত রাশেদ মন্ডলও একই এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার দুপুর ১২টা ৪৫ মিনিটের দিকে খাটিয়ামাড়ি বাজার এলাকায় মাদক সেবনকে কেন্দ্র করে অমৃত কর্মকার ও রাশেদ মন্ডলের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তাঁদের মধ্যে বিরোধ তীব্র আকার ধারণ করে। এ সময় উত্তেজিত হয়ে রাশেদ মন্ডল লোহার রড দিয়ে অমৃত কর্মকারের চোখে আঘাত করেন বলে অভিযোগ রয়েছে। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁর মৃত্যু হয় বলে জানা গেছে।
এ ঘটনার পরপরই বাজারের আশপাশের লোকজন এগিয়ে এসে অভিযুক্ত রাশেদ মন্ডলকে আটক করেন। পরে তাঁকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আকস্মিক এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয়দের দাবি, মাদক সেবনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরেই এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে। তবে ঘটনার প্রকৃত কারণ ও হত্যাকাণ্ডের পেছনের বিস্তারিত বিষয় তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তিকে আটক করে হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।