• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
Headline
সরকারি সম্পদ নাকি ব্যক্তিগত মালিকানা, লাখাইয়ে দুই গাছ কাটাকে ঘিরে বিতর্ক অভিযানেও থামছে না চোরাচালান, বকশীগঞ্জ সীমান্তে মাদক-গরু ও ভারতীয় পণ্যের রমরমা বাণিজ্য জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন, প্রদর্শনী মেলায় ২৯ স্টল জামালপুরে সপ্তম শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন ইসলামপুরে অবৈধ ইটভাটায় অভিযান, দুই প্রতিষ্ঠানকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা গোবিন্দগঞ্জে করতোয়া নদী খনন কাজের পূর্বপ্রস্তুতি পরিদর্শন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী লাখাইয়ে জাতীয় প্রাণি সম্পদ সপ্তাহে বর্নাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত লাখাইয়ে বামৈ সরকারী উচ্চ বিদ্যালয়ে ২৬ জন শিক্ষার্থীকে এসএসসি পরীক্ষায় সুযোগ দেয়ার চাপ সৃষ্টির অভিযোগ ডোমারে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত লাখাইয়ে ৫৭ শতাংশ জমিতে ছয় জাতের সবজি চাষ, দুই লাখ টাকার বেশি বিক্রির স্বপ্ন কৃষক আব্দুর রহমানের

সরকারি সম্পদ নাকি ব্যক্তিগত মালিকানা, লাখাইয়ে দুই গাছ কাটাকে ঘিরে বিতর্ক

এম এ ওয়াহেদ / ১২ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

১৪

এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলায় সরকারি জায়গায় থাকা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের গাছ রাতের আঁধারে কেটে নেওয়ার অভিযোগ উঠেছে আজমান মিয়া নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী কর্তনকৃত দুটি গাছ আটক করেছেন। খবর পেয়ে উপজেলা প্রশাসন গাছ দুটি জব্দ করে তহশিলদারের জিম্মায় রেখেছে। বিষয়টি হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগকে অবহিত করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সড়ক বিভাগ।
গত বুধবার (২৫ নভেম্বর) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার মোড়াকরি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মেইন রোডসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় গাছ কাটার দৃশ্য ধারণ করতে গেলে সংবাদকর্মীদের সঙ্গে অভিযুক্ত ব্যক্তির অসদাচরণের অভিযোগও উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোড়াকরি এলাকার ওই সড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের জায়গায় ৮ থেকে ৯টি বড় ইউক্যালিপটাস (ক্লিপটার) গাছ রয়েছে। এসব গাছের আনুমানিক বাজারমূল্য ৩ থেকে ৪ লাখ টাকা বলে জানিয়েছেন স্থানীয়রা। এর মধ্যে রাতের আঁধারে দুটি গাছ কেটে ফেলা হয়, যার আনুমানিক মূল্য প্রায় এক লাখ টাকা। অভিযুক্ত আজমান মিয়া মোড়াকরি গ্রামের মৃত আজিজুল হকের ছেলে।
স্থানীয়দের অভিযোগ, সরকারি জায়গায় থাকা গাছগুলো কোনো ধরনের বৈধ অনুমতি ছাড়াই রাতের বেলায় কেটে নেওয়ার চেষ্টা করা হয়। বিষয়টি জানতে পেরে মোড়াকরি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কাওসার মিয়া স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান। পরে তারা কাটা গাছ দুটি আটক করেন এবং বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করেন।
এ বিষয়ে ইউপি সদস্য কাওসার মিয়া বলেন, “গাছগুলো সরকারি জায়গায় অবস্থিত। কাউকে কিছু না জানিয়ে রাতের আঁধারে আজমান মিয়া দুটি গাছ কেটে ফেলেন। বিষয়টি জানতে পেরে আমরা স্থানীয়দের নিয়ে বাধা দিই এবং কাটা গাছ দুটি আটক করি। পরে তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানানো হয়।”

মোড়াকরি ইউনিয়ন বিএনপির সভাপতি এমদাদুল হক বলেন, “গাছগুলো সরকারি জায়গার। রাতের আঁধারে আজমান মিয়া গাছ কেটে অন্যত্র নিয়ে যাওয়ার চেষ্টা করলে আমরা স্থানীয়দের সহায়তায় সেগুলো আটক করি। সরকারি সম্পদ রক্ষার স্বার্থেই আমরা এ উদ্যোগ নিয়েছি।”
তবে অভিযুক্ত আজমান মিয়া গাছগুলো নিজের বলে দাবি করেছেন। তাঁর বক্তব্য, গাছগুলো তাঁর ব্যক্তিগত সম্পত্তি এবং তিনি নিজের ইচ্ছামতো সেগুলো কাটবেন। রাতে গাছ কাটার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, “আমি যখন খুশি তখনই কাটব।” এ সময় তিনি মৌখিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে অনুমতি নেওয়ার দাবিও করেন। তবে তাঁর এ দাবির পক্ষে কোনো লিখিত অনুমতিপত্রের তথ্য পাওয়া যায়নি। এদিকে ঘটনাস্থলে গাছ কাটার ছবি ধারণ করতে গেলে সংবাদকর্মীদের সঙ্গে তিনি অসদাচরণ করেন বলেও অভিযোগ রয়েছে।

এ বিষয়ে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসান জানান, গাছ কাটার বিষয়টি তিনি অবগত হয়েছেন। আপাতত গাছ কাটা বন্ধ রেখে কর্তনকৃত গাছগুলো ঘটনাস্থলে সংরক্ষণে রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। পরবর্তী সময়ে গাছের মালিকানা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।
ইউএনও আরও জানান, গত বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সহকারী কমিশনার (ভূমি) সুহাইব হাসান আখন্দ এবং তহশিলদার আবদুল কাইয়ুমকে ঘটনাস্থলে পাঠানো হয়। তাঁরা কর্তনকৃত গাছ দুটি আপাতত জব্দ করে তহশিলদারের জিম্মায় রেখেছেন। পাশাপাশি বিষয়টি হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগকে আনুষ্ঠানিকভাবে অবহিত করা হয়েছে। যেহেতু গাছগুলো সড়ক বিভাগের আওতাধীন জায়গায় রয়েছে, তাই এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের দায়িত্ব সংশ্লিষ্ট সড়ক বিভাগের।

অন্যদিকে, হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী পার্থ সরকার বলেন, “লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে বিষয়টি জানতে পেরেছি। ঘটনাটি খতিয়ে দেখে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।”
সরকারি জায়গায় থাকা গাছের মালিকানা নিয়ে বিরোধ এবং রাতের আঁধারে গাছ কাটার এ ঘটনাকে কেন্দ্র করে লাখাই উপজেলাজুড়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। স্থানীয়দের দাবি, সরকারি সম্পদ রক্ষায় ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হোক। একই সঙ্গে সরকারি জায়গার অবশিষ্ট গাছগুলোও যেন নিরাপদ থাকে, সে জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd