কাওছার আহমেদ,
জেলা প্রতিনিধি, জামালপুর।।
জামালপুর শহরের কয়েকটি স্থানে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা ও স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ঝটিকা মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, শুক্রবার (২৭ নভেম্বর) রাতে শহরের চন্দ্রা এলাকার বাইপাস প্রধান সড়ক, পৌর এলাকার জঙ্গলপাড়া এবং কলেজ সংলগ্ন সড়কে পৃথকভাবে এই মিছিল বের করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের আঁধারে হঠাৎ করেই একদল নেতাকর্মী হাতে জ্বলন্ত মশাল ও সংগঠনের ব্যানার নিয়ে সড়কে নেমে আসেন। মিছিলকারীরা সড়ক প্রদক্ষিণ করার সময় সরকারবিরোধী এবং শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেন। আকস্মিক এই মিছিলের খবরে আশপাশের এলাকায় মুহূর্তেই উত্তেজনা ও কৌতূহল ছড়িয়ে পড়ে। তবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই মিছিলকারীরা দ্রুত স্থান ত্যাগ করে ছত্রভঙ্গ হয়ে যান।
এদিকে মশাল মিছিলের ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দ্রুত ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়।
ঘটনার পরপরই শহরের সার্বিক নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। জামালপুর সদর থানার এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, মিছিলের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সংশ্লিষ্ট এলাকাগুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন ও টহল বাড়ানো হয়েছে।
মিছিলকারীদের পরিচয় শনাক্ত করতে আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
পুলিশ আরও জানায়, বর্তমানে শহরের পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।