গাইবান্ধা প্রতিনিধি:
প্রধানমন্ত্রীর আগামী ৫ ডিসেম্বর গাইবান্ধা সফর উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার গোহাটি এলাকায় করতোয়া নদী খনন কার্যক্রমের পূর্বপ্রস্তুতি পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। পরিদর্শন শেষে তিনি করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে উপস্থিত সাংবাদিকদের ব্রিফ করেন।
ব্রিফিংয়ে পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, তারেক রহমানের সরকার শুধু খাল কিংবা নদী খনন করেই দায়িত্ব শেষ করছে না। খননের পর উত্তোলিত মাটি বা ড্রেজড ম্যাটেরিয়াল যাতে পুনরায় খাল-নদীতে জমে নাব্যতা হ্রাস না করে, সে লক্ষ্যে ড্রেজড ম্যাটেরিয়াল ব্যবস্থাপনা নীতিমালা প্রণয়ন করা হয়েছে। এ নীতিমালা অনুসরণ করে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বয়ে খননকৃত মাটি অপসারণ ও ব্যবস্থাপনা করা হচ্ছে।
তিনি বলেন, করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হলে নদীতে স্বাভাবিক পানিপ্রবাহ সচল হবে। নদীতে পানি সংরক্ষণ ও তা কৃষিকাজে ব্যবহারের সুযোগ বাড়বে। এর ফলে ধানসহ বিভিন্ন রবি শস্যের উৎপাদন বৃদ্ধি পাবে, উপকৃত হবেন কৃষক ও সাধারণ মানুষ। পাশাপাশি প্রকল্পের আওতায় বৃক্ষরোপণের মাধ্যমে এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে।
উল্লেখ্য, বগুড়া ও গাইবান্ধা জেলার করতোয়া, ইছামতি ও গজারিয়া নদীর নাব্যতা পুনরুদ্ধার, পলি জমা ও জলাবদ্ধতা নিরসন এবং বন্যার ঝুঁকি কমাতে ১ হাজার ৯৪ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে ‘করতোয়া নদী সিস্টেম উন্নয়ন প্রকল্প’ গ্রহণ করা হয়েছে। গত ১৬ জুন ২০২৬ তারিখে একনেক সভায় প্রকল্পটি অনুমোদিত হয়। জুলাই ২০২৬ থেকে জুন ২০৩০ পর্যন্ত মেয়াদে বাস্তবায়নাধীন এ প্রকল্পের আওতায় নদী পুনঃখনন, তীর সংরক্ষণ, পানি নিয়ন্ত্রণ অবকাঠামো নির্মাণ, সেচ ও নিষ্কাশন সুবিধা বৃদ্ধি, কৃষি ও মৎস্য উৎপাদন এবং কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা রয়েছে। এছাড়া প্রকল্পের আওতায় ৫ হাজার ২৫০টি ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।
পরিদর্শনকালে সংরক্ষিত আসনের মহিলা সদস্য মমতাজ আলো, পানি সম্পদ সচিব, জেলা প্রশাসক, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালকসহ স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।