এম এ ওয়াহেদ, লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলায় মাত্র ৫৭ শতাংশ জমিতে ছয় ধরনের সবজি চাষ করে কৃষিতে নতুন সম্ভাবনার স্বপ্ন দেখছেন কৃষক আব্দুর রহমান। সীমিত জমিকে পরিকল্পিতভাবে কাজে লাগিয়ে লাউ, ঝিঙা, টমেটো, করলা, বেগুন ও শসা চাষ করেছেন তিনি। ইতোমধ্যে তাঁর উৎপাদিত সবজি বাজারে বিক্রি শুরু হয়েছে। সবজি বিক্রি করে এখন পর্যন্ত প্রায় ৫০ হাজার টাকা আয় করেছেন। আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মৌসুমে সবজি বিক্রি থেকে দুই থেকে আড়াই লাখ টাকা আয়ের প্রত্যাশা করছেন তিনি।
আব্দুর রহমান লাখাই উপজেলার করাব ইউনিয়নের সিংগ্রাম গ্রামের বাসিন্দা। কৃষিকাজের প্রতি আগ্রহ ও নিজের পরিশ্রমকে পুঁজি করে তিনি ৫৭ শতাংশ জমিতে বিভিন্ন জাতের সবজির আবাদ করেছেন। জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে প্রতিটি সবজির জন্য আলাদা জায়গা নির্ধারণ করেছেন। তাঁর আবাদ করা সবজির মধ্যে রয়েছে ১০ শতাংশ জমিতে শসা, ১৫ শতাংশে লাউ, ৭ শতাংশে করলা, ১২ শতাংশে টমেটো, ৮ শতাংশে বেগুন এবং ৫ শতাংশ জমিতে ঝিঙা।
কৃষক আব্দুর রহমান জানান, সবজি চাষের শুরু থেকে এখন পর্যন্ত জমি প্রস্তুত, বীজ, সার, কীটনাশক, পরিচর্যা ও অন্যান্য কৃষি কার্যক্রম মিলিয়ে তাঁর প্রায় এক লাখ টাকা খরচ হয়েছে। নিয়মিত পরিচর্যা ও প্রয়োজনীয় শ্রম দেওয়ার ফলে খেতের গাছগুলোতে ফলন আসতে শুরু করেছে। ইতোমধ্যে বিভিন্ন জাতের সবজি সংগ্রহ করে বাজারজাত করছেন তিনি। এখন পর্যন্ত প্রায় ৫০ হাজার টাকার সবজি বিক্রি করেছেন। খেতে আরও সবজি রয়েছে, যেগুলো পর্যায়ক্রমে বিক্রি করা সম্ভব হবে।
তিনি বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবং রোগবালাই বা প্রাকৃতিক দুর্যোগের বড় কোনো প্রভাব না পড়লে চলতি মৌসুমে দুই থেকে আড়াই লাখ টাকার সবজি বিক্রি করতে পারবেন বলে আশা করছেন। এতে উৎপাদন খরচ বাদ দিয়ে ভালো পরিমাণ অর্থ লাভ হিসেবে ঘরে তোলা সম্ভব হবে বলে তাঁর প্রত্যাশা।
আব্দুর রহমান আরও বলেন, অল্প জমিতেও পরিকল্পিতভাবে বিভিন্ন ধরনের সবজি চাষ করে ভালো ফল পাওয়া সম্ভব। কৃষকেরা যদি প্রচলিত চাষাবাদের পাশাপাশি সবজি উৎপাদনে আরও আগ্রহী হন, তাহলে নিজেদের আর্থিক অবস্থার উন্নতির পাশাপাশি স্থানীয় বাজারের সবজির চাহিদাও পূরণ করা সম্ভব হবে। একই সঙ্গে উৎপাদন বাড়লে লাখাই থেকে আশপাশের উপজেলা ও বিভিন্ন জেলায় সবজি সরবরাহের সুযোগ তৈরি হবে। এতে কৃষকেরা যেমন লাভবান হবেন, তেমনি এলাকার অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।
এ বিষয়ে লাখাই উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহাদুল ইসলাম বলেন, কৃষকদের আধুনিক ও লাভজনক চাষাবাদে উৎসাহিত করতে উপজেলা কৃষি দপ্তরের পক্ষ থেকে নিয়মিত পরামর্শ ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হচ্ছে। প্রতিটি ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তারা মাঠপর্যায়ে কৃষক-কৃষাণীদের সঙ্গে যোগাযোগ রেখে ফসলের পরিচর্যা, রোগবালাই দমন, সার ও বীজের সঠিক ব্যবহারসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন। পাশাপাশি কৃষকদের প্রয়োজন অনুযায়ী কৃষি উপকরণ দিয়েও সহযোগিতা করা হচ্ছে।
তিনি আরও বলেন, কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং কৃষিকে আরও লাভজনক করতে কৃষি বিভাগ নিরলসভাবে কাজ করছে। আব্দুর রহমানের মতো কৃষকেরা পরিকল্পিতভাবে বহুমুখী সবজি চাষে এগিয়ে এলে একদিকে যেমন কৃষকের আয় বাড়বে, অন্যদিকে স্থানীয়ভাবে সবজির উৎপাদন বৃদ্ধি পেয়ে বাজারের চাহিদা পূরণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সীমিত জমিতে একাধিক জাতের সবজি চাষ করে আব্দুর রহমানের এই উদ্যোগ স্থানীয় কৃষকদের জন্য সম্ভাবনাময় দৃষ্টান্ত হয়ে উঠেছে। যথাযথ পরিচর্যা, কৃষি বিভাগের পরামর্শ এবং অনুকূল আবহাওয়া পেলে সবজি চাষ যে গ্রামীণ অর্থনীতিতে বাড়তি আয়ের পথ তৈরি করতে পারে, তাঁর এই উদ্যোগে সেই সম্ভাবনাই ফুটে উঠেছে।