মোঃ মকবুলার রহমান
স্টাফ রিপোর্টার:
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “নতুন বাংলাদেশ গড়তে হলে হাসিনার শাসনের অবসান ও শহিদ পরিবারের পুনর্বাসন এখন সময়ের দাবি।”
আজ রবিবার রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয়তাবাদী কৃষক দল ও ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন,”ইতোমধ্যে তারেক রহমানের নেতৃত্বে ‘আমরা বিএনপি পরিবার’ সংগঠনটি শহিদ ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানোর কাজ শুরু করেছে। এবার বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে একটি ফান্ড গঠন করা হবে।”
তিনি জানান, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আজই অনুরোধ জানাবো এই ফান্ড গঠনের বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে।”
‘মানবতার কলঙ্ক শেখ হাসিনা’
আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে কড়া ভাষায় আক্রমণ করে বিএনপি মহাসচিব বলেন,
“শেখ হাসিনা মানবজাতির এক কলঙ্ক। মায়েদের কলঙ্ক। বিএনপির প্রথম কাজ হবে হাসিনাসহ তার সহযোগীদের বিচার করা।”
তিনি বলেন, “যে মা সন্তান হারিয়েছে, যে পরিবার তার একমাত্র উপার্জনক্ষম সদস্যকে হারিয়েছে— তাদের কান্নার জবাব দিতে হবে। জাতির সামনে জবাবদিহি করাতে হবে।”
নির্বাচন প্রসঙ্গে আশাবাদ
জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন,
“আমরা অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতির ভিত্তিতে আশা করছি আগামী বছরের ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন হবে— এটা আমি আগেও বলেছি, আজও বলছি। কে দায়িত্বে থাকবে, সেটা বড় কথা নয়, কিন্তু এই সরকারের অধীনে নয়।”
গণআন্দোলনের হতাশা নয়, দৃঢ় প্রত্যয়
আন্দোলনের পথ সহজ নয় উল্লেখ করে তিনি বলেন,
“রাজনীতি কোনো ফুল বিছানো পথ নয়। হতাশ হওয়ার সুযোগ নেই। আমাদের স্বপ্ন আছে, নতুন একটি কাঠামো গড়ে তোলার, নতুন বাংলাদেশ গড়ার।”
তিনি বলেন, “ভিন্নমত থাকবে, বহুমাত্রিক চিন্তা থাকবে। কেউ গণতন্ত্রে, কেউ সমাজতন্ত্রে, কেউ কল্যাণ রাষ্ট্রে বিশ্বাস করবে— এই সবকিছুকে ধারণ করেই খালেদা জিয়ার স্বপ্ন ছিল ‘রেইনবো স্টেট’ গঠনের।”
সংস্কার ও রূপান্তরের পথে বিএনপি
সংস্কার নিয়ে চলমান বিতর্কের বিষয়ে বিএনপি মহাসচিব বলেন,
“আজ যেসব সংস্কার প্রস্তাব আসছে, আমরা ২০২২ সালেই সেগুলো পেশ করেছিলাম। এসব আমাদের নতুন কিছু নয়।”
শেষে তিনি বলেন,
“আমরা এমন একটি রাষ্ট্র চাই, যেখানে দুর্নীতি থাকবে না, ঘুষ থাকবে না, হত্যা থাকবে না, নির্যাতন থাকবে না। একটি মানবিক, সহনশীল ও কল্যাণকামী রাষ্ট্র গঠনই বিএনপির লক্ষ্য।”