মোঃ মকবুলার রহমান
স্টাফ রিপোর্টার:
মধ্যপ্রাচ্যে যতটা তপ্ত হয়েছে ইসরায়েল-যুক্তরাষ্ট্রের আগ্রাসী সুর, ততটাই উচ্চকণ্ঠে প্রতিধ্বনি তুলছে তেহরান। এটি শুধু আগ্রাসনের জবাব নয়, কৌশলগত ভাষা বলে মনে করা হচ্ছে। ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদে সাফ জানিয়ে দিয়েছেন, ইসরায়েলের আগ্রাসনে যুক্তরাষ্ট্র যদি সরাসরি সম্পৃক্ত হয়, তাবে পুরো অঞ্চলকে ‘নরকযন্ত্রণা’ সহ্য করতে হবে। খাতিবজাদে বলেন, এটি আমেরিকার যুদ্ধ নয়; আর যদি তাতেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জড়ান, তিনি ইতিহাসে ‘এক অপ্রয়োজনীয় যুদ্ধের প্রেসিডেন্ট’ হিসেবে চিহ্নিত হবেন।
তার ভাষ্য, যুক্তরাষ্ট্রের এই আগ্রাসনে অংশ নেওয়া কেবল সংঘাতকে দীর্ঘায়িত করবে না, আগ্রাসনের আগুনে তাপ বাড়াবে এবং শান্তিপূর্ণ সমাধানের পথকে অন্ধকার করে তুলবে।
সম্প্রতি দক্ষিণ ইসরায়েলের সোরোকা হাসপাতালের ওপর ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত ঘটেছে বলে জানা যায়, যেখানে অন্তত ৭১ জন আহত হয়েছেন বলে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়। যদিও তেহরানের দাবি, তাদের মূল লক্ষ্য ছিল হাসপাতালের কাছাকাছি থাকা সামরিক ঘাঁটি, হাসপাতাল নয়।
জবাবে ইসরায়েল আরাকের অকার্যকর ভারী জল চুল্লিসহ নাতানজের পারমাণবিক স্থাপনায় আক্রমণ চালিয়েছে। এই হামলায় ইরান কতজন হতাহত হয়েছে তা এখনো জানায়নি তেহরান।
চলমান এই হামলা এমন সময়ে ঘটছে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে রয়েছে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার চাপ — আগামী দুই সপ্তাহের মধ্যে নির্ধারণ করতে হবে, যুক্তরাষ্ট্র এই সংঘাতের আগুনে সরাসরি ঝাঁপাবে কি না।
বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে খাতিবজাদে সাফ জানিয়ে দেন, কূটনীতিই তাদের অগ্রাধিকার, কিন্তু যতক্ষণ তাদের ভূখণ্ডে আগুনের গোলা পড়ছে, ততক্ষণ আলোচনার কথা ভাবা যায় না। তিনি মনে করিয়ে দেন, এই প্রতিরোধ জাতিসংঘ সনদের ৫১ নম্বর ধারা অনুসারে আত্মরক্ষামূলক পদক্ষেপ এবং তেহরান তখনও কূটনৈতিক উদ্যোগে অগ্রসর ছিল, যতক্ষণ আগ্রাসন শুরু না হয়েছে।