মোঃ মকবুলার রহমান
স্টাফ রিপোর্টার নীলফামারী:
দীর্ঘদিন ধরে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়া ঠাকুরগাঁও পৌর শহরের ডায়াবেটিস মোড় থেকে ভান্ডারা পর্যন্ত শহীদ মৌলভী রহমতুল্লাহ সড়কটি এবার নতুন করে প্রাণ ফিরে পেল “সেইভ উম্মাহ ফাউন্ডেশন” এর উদ্যোগে।
প্রায় তিন-চার বছর আগে রাণীশংকৈল বন্দরের প্রধান সড়ক পুনর্নির্মাণের সময়, বিকল্প পথ হিসেবে ব্যবহৃত হয় এই গ্রামীণ সড়কটি। হরিপুরসহ আশপাশের এলাকার ভারী যানবাহন নিয়মিত চলাচল করায়, সরু এবং দুর্বল এই সড়কের দু’ধারে দেবে যায় পিচঢালা অংশ। ফলে তৈরি হয় অসংখ্য গর্ত ও খানাখন্দ, যা দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায় স্থানীয় পথচারী ও যানবাহন চালকদের জন্য।
এই জনভোগান্তি ফাউন্ডেশনের নজরে এলে, তারা আর বসে থাকেননি। শুক্রবার সকালে সংগঠনের সদস্যরা স্বেচ্ছাশ্রম ও নিজেদের অর্থায়নে সড়কটির সংস্কার কাজ হাতে নেন। খানাখন্দ ভরাট করে চলাচলের উপযোগী করে তোলেন সড়কটি, যা স্থানীয়দের জন্য এক বড় স্বস্তির বিষয় হয়ে দাঁড়ায়।
রাস্তা মেরামতের পর প্রতিক্রিয়ায় অনেক পথচারী জানান, “দীর্ঘদিন পর একটু স্বস্তির নিঃশ্বাস নেওয়া গেল। প্রতিদিনের কষ্টকর যাত্রা এখন অনেকটাই সহজ হলো।”
উল্লেখ্য, “সেইভ উম্মাহ ফাউন্ডেশন” এর এই উদ্যোগ প্রমাণ করে, শুধু সরকারের দিকেই না তাকিয়ে থেকে নাগরিক দায়িত্ববোধ থেকে সমাজ পরিবর্তনে এগিয়ে আসা যায়।