মোঃ আব্দুর রাজ্জাক সরকার
কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় অটোরিকশার দুই যাত্রীর মৃত্যু হয়েছে। নিহতরা হলেন—রতনপুর গ্রামের আলিম মাদরাসার শিক্ষক মাওলানা আবু বকর সিদ্দিকের কন্যা আনিকা (১৮) এবং অটোরিকশাচালক বানু মিয়া (৩০)। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন—আবু বকর নিজে, তার স্ত্রী মোর্শেদা বেগম (৪০) ও মেয়ে ফাতেমা (৯)।
রোববার (১৩ জুলাই) দুপুরে উপজেলার ঘুনটিঘর এলাকায় ভূরুঙ্গামারী-সোনাহাট স্থলবন্দর সড়কে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকালে পরিবারসহ সোনাহাট স্থলবন্দরে ঘুরতে যান মাওলানা আবু বকর। দুপুরে ফেরার পথে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি ড্রামট্রাক তাদের অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তার কন্যা আনিকা। গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানেই মারা যান চালক বানু মিয়া।
আহত আবু বকর, তার স্ত্রী ও কন্যাকে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক পালিয়ে যায়।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে, চালক পলাতক রয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলমান।