বিমল কুমার রায়
পঞ্চগড় জেলা প্রতিনিধি:
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) পঞ্চগড় জেলা কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ জুলাই) সকাল ১১টায় পঞ্চগড় শহরের রেড ক্যাফে মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা ও উপজেলা কমিটির বিভিন্ন নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
‘বাপা’ পঞ্চগড় জেলা কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম খায়ের এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির যুগ্ম সম্পাদক সরকার হায়দার, জ্যেষ্ঠ সাংবাদিক শহীদুল ইসলাম শহীদ, জেলা কমিটির সহ-সভাপতি কাজী মকছেুদুর রহমান, সদস্য শফিকুল আলম, দেবীগঞ্জ উপজেলা কমিটির সভাপতি হরিশ চন্দ্র রায়সহ অন্যান্য কার্যনির্বাহী কমিটির বিভিন্ন সদস্যবৃন্দ।
বাপা’ পঞ্চগড় এর সাধারণ সম্পাদক আজাহারুল ইসলাম জুয়েল এর সঞ্চালনায় সভায় পরিবেশ রক্ষায় সদস্যদের মতামতের ভিত্তিতে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। গৃহীত সিদ্ধান্তসমূহের মধ্যে পলিথিনের ব্যবহার রোধে জনসচেতনতা বৃদ্ধি, জনবহুল এলাকায় এলপিজি স্টেশন স্থাপন বন্ধ, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্রবিহীন ইটভাটা বন্ধে পদক্ষেপ, কৃষি জমির টপ সয়েল কাটা নিষিদ্ধকরণ,
দেবীগঞ্জে পরিবেশ দূষণকারী নিওট্যাক কয়েল ফ্যাক্টরি বন্ধে কার্যকর উদ্যোগ, ইউক্যালিপটাস ও আকাশমণি গাছ অপসারণ করে ফলদ ও বনজ গাছের চারা রোপণ।
এছাড়াও জেলার পরিবেশ দূষণের উৎস ও কারণগুলো চিহ্নিত করতে চার সদস্য বিশিষ্ট গঠিত কমিটিকে দায়িত্ব প্রদান করা হয়। তারা পরিবেশ সংক্রান্ত সমস্যাগুলো নিরূপণ করে জেলা কমিটিকে যথাসময়ে অবহিত করবেন, যাতে করে সমস্যা নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা যায়।