এম এ ওয়াহেদ,লাখাই হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলার ঐতিহ্যবাহী ও প্রধান ব্যবসায়িক কেন্দ্র বুল্লা বাজার বর্তমানে নানাবিধ সমস্যায় জর্জরিত। প্রায় সাত শতাধিক ব্যবসায়ী ও অসংখ্য ক্রেতা প্রতিদিন এ বাজারে আসলেও অব্যবস্থাপনা ও অবহেলার কারণে ক্রমেই বাজারটির প্রাণচাঞ্চল্য ভোগান্তিতে পরিণত হচ্ছে।
সুতাং নদীর তীরে অবস্থিত এ প্রাচীন বাজার কেবল লাখাই নয়, আশপাশের বিভিন্ন উপজেলা ও জেলার মানুষের বাণিজ্যিক মিলনস্থল হিসেবে পরিচিত। কিন্তু বাজার ব্যবস্থাপনার দুর্বলতা ও অবকাঠামোগত সমস্যার কারণে এখানে প্রতিদিনই নানারকম ভোগান্তির মুখোমুখি হচ্ছেন ব্যবসায়ী ও ক্রেতারা।
আবর্জনায় দমবন্ধ পরিবেশ
বাজারে ময়লা-আবর্জনা ফেলার জন্য কোনো নির্দিষ্ট জায়গা বা ডাস্টবিন না থাকায় ব্যবসায়ীরা যত্রতত্র আবর্জনা ফেলে রাখছেন। ফলে পুরো বাজারজুড়ে দুর্গন্ধে মানুষ হাঁটাচলা করতে হিমশিম খাচ্ছেন। ড্রেনেজ ব্যবস্থার দুর্বলতা এবং যা আছে তাও বেহাল অবস্থায় পড়ে থাকায় সামান্য বৃষ্টিতেই বাজারজুড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়।
কোটি টাকার স্থাপনা ব্যবহারহীন
২০০৭ সালে প্রায় ৪০ লাখ টাকা ব্যয়ে নির্মিত মাল্টিপারপাস সেডটি আজও ব্যবসায়ীদের মধ্যে বরাদ্দ দেওয়া হয়নি। ফলে সরকারি বিনিয়োগের এ স্থাপনাটি অব্যবহৃত অবস্থায় নষ্ট হয়ে যাচ্ছে। একইভাবে মহিলা ব্যবসায়ীদের জন্য নির্মিত উইমেনস কর্নার, সবজি সেডসহ বিভিন্ন স্থাপনাও অদ্যাবধি বরাদ্দ দেওয়া হয়নি। এতে একদিকে সরকার বিপুল রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে দোকানগুলো নিয়মবহির্ভূতভাবে গুদামঘর বা অন্যান্য কাজে ব্যবহৃত হচ্ছে।
যানজটে অতিষ্ঠ জনজীবন
হবিগঞ্জ-লাখাই-নাসিরনগর-সরাইল আঞ্চলিক মহাসড়ক বাজারের ভেতর দিয়ে যাওয়ায় এ এলাকায় যানজট নিত্যনৈমিত্তিক ঘটনা। নির্ধারিত যানবাহন স্ট্যান্ড না থাকায় যত্রতত্র গাড়ি দাঁড় করানো হয়, যার ফলে ভোগান্তি চরমে ওঠে। এতে শুধু ক্রেতা-বিক্রেতাই নয়, পথচারী ও সাধারণ মানুষকেও প্রায়ই দুর্ঘটনার শিকার হতে হয়।
প্রশাসনের আশ্বাস
এ বিষয়ে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুপম দাস অনুপ জানান, “আমরা খুব শিগগিরই সভা করে বাজারের অব্যবহৃত স্থাপনাগুলো ব্যবসায়ীদের মধ্যে বরাদ্দ দেওয়ার উদ্যোগ নেব। একইসঙ্গে যানজটসহ অন্যান্য সমস্যারও দ্রুত সমাধান করা হবে।”