এম এ ওয়াহেদ, লাখাই হবিগঞ্জ থেকেঃ
লাখাইয়ে ভয়াল কৃষ্ণপুর গণহত্যা দিবস আজ। ১৯৭১ সালের এইদিনে লাখাই উপজেলার সনাতন ধর্মাবলম্বী অধ্যুষিত কৃষ্ণপুর গ্রামে ১২৭জন নিরীহ মানুষকে ব্রাশফায়ারের মাধ্যমে হত্যা করে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসর রাজাকার।
এ ছাড়া ওইদিন পাকিস্তানি হানাদার বাহিনী ও রাজাকারদের হাতে অনেক নারী নির্যাতিত হন।
জানা যায়, ১৯৭১ সালের ১৮ সেপ্টেম্বর ভোর থেকে কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার পাকসেনা ক্যাম্প থেকে ১০-১৫ জনের হানাদার বাহিনীর একটি দল স্পীড বোট যোগে এ গ্রামে আসে। এ সময় তাদের সঙ্গে যোগ দেয় ৪০-৫০ জনের একদল রাজাকার।
হানাদার বাহিনী ১৩১ জন পুরুষকে কৃষ্ণপুর গ্রামের বর্তমানে স্থানীয় কমলাময়ী উচ্চ বিদ্যালয়ের সামনে, গদাইনগর ও কৃষ্ণ পুর গ্রামের ননীগোপাপ রায়ের বাড়ীর পুকুরের ঘাটলা এ তিনটি স্থানে লাইনে দাঁড় করিয়ে ব্রাশফায়ারের মাধ্যমে হত্যা করে এবং বাড়িঘরে আগুন দেওয়াসহ লুটপাট চালায়।
এ ছাড়াও গ্রামের নারীরাও তাদের হাতে নির্যাতিত হন। কৃষ্ণপুরের নির্মিত স্মৃতিস্তম্ভে প্রতিবছর ১৮ সেপ্টেম্বর গ্রামববাসী ও প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন এবং শ্রদ্ধা নিবেদন করা হয়।