মোঃ আমিরুল হক, রাজবাড়ী প্রতিনিধি:
শীত পুরোপুরি না এলেও ইতোমধ্যেই রাজবাড়ীর কর বাড়ি পরিণত হয়েছে অতিথি পাখির রাজ্যে। উঁচু গাছের ডালে ডালে ঝুলছে শত শত বাসা, তার ভেতর ডানা মেলে উড়ছে হাজারো বালিহাঁস, শামুকখোল, পানকৌড়ি ও নানা প্রজাতির দেশি-বিদেশি পাখি। নিরাপদ আশ্রয় ও প্রজননের আদর্শ স্থান হিসেবে তারা বেছে নিয়েছে রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের শিবরামপুর গ্রামের কর বাড়িটিকে। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাখিদের কিচিরমিচিরে মুখর থাকে গোটা এলাকা।
পাখিদের অভয়ারণ্য হয়ে উঠেছে কর বাড়ি
মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, কর বাড়ির চারপাশের বিশাল গাছগুলোতে ঘন পাতার ফাঁকে ঝুলছে অসংখ্য পাখির বাসা। দূর থেকে মনে হয়, সবুজ বনানীর বুকে যেন কেউ সাদা চাদর মেলে দিয়েছে। রাজবাড়ী জেলা সদর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরের এই গ্রামে এখন অতিথি পাখিদের নিরাপদ আবাস গড়ে উঠেছে।
বাড়ির মালিক আকাশ কর জানান, “প্রথমে কয়েকটি বাসা ছিল। এখন শতাধিক গাছে বাসা বেঁধেছে প্রায় ২০ হাজার শামুকখোল, বালিহাঁস, পানকৌড়ি ও অন্যান্য প্রজাতির পাখি। পাশের খাল ও ফসলি জমির শামুক, ঝিনুক ও ছোট মাছ খেয়েই তারা বেঁচে থাকে।”
গ্রামের মানুষের ভালোবাসায় টিকে আছে পাখিরা
গ্রামবাসীরা জানান, পাখিগুলোকে তারা পরম মমতায় আগলে রাখছেন। কেউ যাতে বিরক্ত না করে, সেজন্য সবাই সতর্ক দৃষ্টি রাখছেন। ফলে প্রতিদিনই শত শত দর্শনার্থী আসছেন এই পাখিদের দেখতে।
দর্শনার্থী মোঃ নুরুল ইসলাম, কায়সার হামিদ ও আব্দুর রহমান বলেন, “এলাকার মানুষের ভালোবাসা আর নিরাপদ পরিবেশে পাখিগুলো নির্বিঘ্নে প্রজনন করছে। সারাক্ষণ কিচিরমিচির শব্দে ভরে থাকে গ্রাম। এখন শিবরামপুর ‘পাখির গ্রাম’ নামে পরিচিতি পেয়েছে।”
হুমকির মুখে অতিথি পাখিদের শান্তি
তবে স্থানীয়দের অভিযোগ, সন্ধ্যার পর কিছু দুষ্টচক্র টর্চ জ্বেলে বা পাথর ছুড়ে পাখিদের বিরক্ত করছে। আবার মাঝে মাঝে পাখি শিকারিদের আনাগোনাও দেখা যায়। এতে আতঙ্ক ছড়াচ্ছে পাখি ও স্থানীয় প্রকৃতিপ্রেমীদের মধ্যে।
আরামঘর জীববৈচিত্র্য রক্ষা কমিটির সভাপতি লিটন চক্রবর্তী বলেন, “প্রাকৃতিক দুর্যোগে বা অন্যভাবে কোনো পাখি আহত হলে আমরা তাদের বিনা খরচে চিকিৎসা দিই। এই অতিথিরা আমাদের পরিবেশের সৌন্দর্য বাড়ায়, তাই তাদের সুরক্ষা আমাদের সবার দায়িত্ব।”
প্রশাসনের উদ্যোগ
রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার বলেন, “অতিথি পাখির এই রাজ্যকে দর্শনযোগ্য ও নিরাপদ রাখতে পরিবেশ অধিদপ্তর ও বন বিভাগকে সঙ্গে নিয়ে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। কেউ যাতে পাখিগুলোকে বিরক্ত না করে বা ক্ষতি না করে, সে বিষয়ে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। কারণ এই পাখিরাই প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”
শীতের আগমনের সঙ্গে সঙ্গে আরও অতিথি পাখি আসবে এই কর বাড়িতে। এখন গ্রামের সকাল শুরু হয় তাদের কিচিরমিচিরে, আর সন্ধ্যা নামে ডানার মৃদু ঝাপটায়। প্রকৃতির এই সুরেলা জীবনের স্পর্শে শিবরামপুর যেন হয়ে উঠেছে এক জীবন্ত কবিতা—প্রকৃতি আর পাখির মেলবন্ধনের এক অনন্য দৃষ্টান্ত।