বিমল কুমার রায়, পঞ্চগড় প্রতিনিধি:
পঞ্চগড়ের দেবীগঞ্জে ১২ বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে খগেশ্বর রায়(৪৮) নামে একজনকে গ্রেপ্তার করেছে দেবীগঞ্জ থানা পুলিশ। খগেশ্বর রায় উপজেলার সুন্দরদিঘী ইউনিয়নের দারার পাড় গ্রামের বাসিন্দা।
এজাহার সূত্রে জানা যায়, গতকাল বুধবার (১১ নভেম্বর ২০২৬) বিকাল আনুমানিক ৫টার দিকে দেবীগঞ্জ উপজেলার ৫ নং সুন্দরদিঘী ইউনিয়নের দারার পাড় গ্রামে এ ঘটনাটি ঘটে। এসময় ভুক্তভোগী শিশুটি উঠানে ঝাড়ু দিচ্ছিল এবং আকাশ খারাপ ও হালকা বৃষ্টির কারনে তার বাবা-মা বাড়ির অন্য কাজে ব্যস্ত ছিলেন। বাড়ির সামনে একাকী অবস্থানকালে প্রতিবেশী খগেশ্বর রায় নামে এক ব্যক্তি ভুক্তভোগী কিশোরীর মুখ চেপে ধরে পার্শ্ববর্তী একটি বাঁশঝাড়ের নিচে খালে নিয়ে যায় এবং জোরপূর্বক ধর্ষণ করে।
পরিবারের সদস্যরা কান্নার শব্দ শুনে ঘটনাস্থলের দিকে গেলে অভিযুক্ত ব্যক্তি দৌড়ে পালিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। পরে পরিবারের লোকজন কিশোরীকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে।
প্রাথমিকভাবে লোকলজ্জার কারণে বাড়িতে চিকিৎসার চেষ্টা করা হলেও পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে রেফার করেন।
এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে দেবীগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। ঘটনার রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত খগেশ্বর রায়কে গ্রেফতার করে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মুসা মিয়া বলেন, আসামীকে গতকাল মামলা রেকর্ড করার সাথে সাথেই গ্রেফতার করা হয়েছে। আজ আসামীকে মহামান্য আদালতে সোপর্দ করা হয়েছে।