মোঃ মকবুলার রহমান,ডোমার(নীলফামারী) প্রতিনিধি।।
দেশের কয়েকটি গুরুত্বপূর্ণ শহরের ইংরেজি বানান বাংলা উচ্চারণের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবর্তন করা হলেও নীলফামারীর সৈয়দপুরের ক্ষেত্রে কেন একই উদ্যোগ নেওয়া হয়নি, তা নিয়ে প্রশ্ন তুলেছেন Salahuddin Sumon।
সম্প্রতি সৈয়দপুর বিমানবন্দরে গিয়ে নামের ইংরেজি বানান ‘Saidpur’ দেখে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন তিনি। তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টটি হুবহু তুলে ধরা হলো—
“কয়েক বছর আগে দেখলাম, মহাসমারোহে কয়েকটি শহরের নামের ইংরেজি বানান পরিবর্তন করা হলো। Bogra হয়ে গেলো Bogura, Chittagong হয়ে গেলো Chottogram এবং Jessore হলো Jashore।
সেই সময় বলা হয়েছিলো, এই নামগুলোর বানানে বাংলা উচ্চারণের সাথে মিল ছিলো না, তাই চেঞ্জ করা হয়েছে। যদিও এটা আমার কাছে ততোটা গুরুত্বপূর্ণ কোনো কাজ বলে মনে হয়নি।
অনেকদিন পর আজ সৈয়দপুর এলাম। বিমান বন্দরের নামের দিকে দেখলাম Saidpur-ই রয়ে গেছে। এই বানানের উচ্চারণেরও তো বাংলা উচ্চাণের সাথে মিল নেই। সেইডপুর আর সৈয়দপুর তো এক নয়।
যে সময় শহরের নামের ইংরেজি স্পেলিং চেঞ্জ করা হলো, তখন কি এই নাম মহাশয়দের মাথায় আসেনি?
নাকি উত্তরবঙ্গ বলে পাত্তা দেন নি?”
সালাহউদ্দিন সুমনের এই পোস্টে সৈয়দপুরের ইংরেজি বানান নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। বিশেষ করে দেশের বিভিন্ন শহরের নামের বানান সংশোধনের ক্ষেত্রে একই নীতি সব অঞ্চলে সমানভাবে প্রয়োগ করা হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
সৈয়দপুরের ইংরেজি বানান বাংলা নামের উচ্চারণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন মহল।