স্টাফ রিপোর্টার:
আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রীর কুষ্টিয়া সফর এবং সরকারের ২০ হাজার কিলোমিটার নদী-খাল খনন, পুনঃখনন ও পুনরুদ্ধার কর্মসূচির অংশ হিসেবে সম্ভাব্য খাল খনন উদ্বোধনস্থল পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে কুষ্টিয়ায় পৌঁছে প্রতিমন্ত্রী পর্যায়ক্রমে বিশ্বরোড সংলগ্ন গঙ্গা-কপোতাক্ষ (জিকে) খাল, চিনিকল মোড় ও জগতি সংলগ্ন মরা গড়াই খাল এবং মঙ্গলবাড়িয়া বাজার এলাকার মরা গড়াই খাল সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, কুষ্টিয়ার জেলা প্রশাসক, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ জানান, আগামী ২ ডিসেম্বর প্রধানমন্ত্রী কুষ্টিয়ায় খাল খনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
এ সময় জিকে খাল প্রকল্পের গুরুত্ব তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে প্রায় এক লাখ হেক্টর জমির কৃষক সেচসুবিধা পাবেন। এতে ধান উৎপাদন প্রায় এক লাখ মণ বাড়বে। পাশাপাশি বছরে প্রায় ৯ থেকে ১০ লাখ মেট্রিক টন বিভিন্ন ধরনের শাকসবজি উৎপাদনের সম্ভাবনা তৈরি হবে। এ ছাড়া ৪০ লাখের বেশি মানুষ এ সেচসুবিধার আওতায় আসবেন। ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি, সেচসংকট নিরসন এবং স্থানীয় মানুষের জীবনমান উন্নয়নে প্রকল্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রকল্পের সার্বিক অগ্রগতি ও গুরুত্ব তুলে ধরে তিনি জানান, ‘গঙ্গা-কপোতাক্ষ সেচ প্রকল্পের জরুরি রক্ষণাবেক্ষণ ও পুনর্বাসন’ শীর্ষক প্রকল্পের প্রাক্কলিত ব্যয় প্রায় ১ হাজার ২৯৯ কোটি ৯৬ লাখ টাকা। প্রকল্পটি বাস্তবায়িত হলে কুষ্টিয়াসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ ও মাগুরা জেলার ১৩টি উপজেলার প্রায় ৯৫ হাজার ৬১৬ হেক্টর জমিতে নিরবচ্ছিন্ন সেচসুবিধা নিশ্চিত করা সম্ভব হবে।
এ ছাড়া কুষ্টিয়া সদর উপজেলায় অবস্থিত প্রায় ৮ দশমিক ১৭ কিলোমিটার দীর্ঘ মরা গড়াই খাল খননের সম্ভাব্যতা ও প্রয়োজনীয়তা নিয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন প্রতিমন্ত্রী। খালটি কবরবাড়িয়া নিম্নাঞ্চল থেকে উৎপন্ন হয়ে কুষ্টিয়া সুগার মিলের ভেতর দিয়ে গড়াই নদীতে মিলিত হয়েছে। খালটি খননে প্রাথমিকভাবে প্রায় ১০ কোটি টাকা ব্যয় হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পরিদর্শনকালে প্রতিমন্ত্রী নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ যথাযথ মান বজায় রেখে সম্পন্ন করার বিষয়ে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।