স্টাফ রিপোর্টার:
প্রাথমিক বিদ্যালয়ের পাঠ্যক্রম থেকেই কার্বন নিঃসরণ, নদী সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন বিষয়ে পৃথক কারিকুলাম তৈরি করে তা মূল শিক্ষাব্যবস্থায় অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, এমপি।
সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের (এআইইউবি) ক্যাম্পাসে অ্যাকশনএইড ও সাসটেইনলঞ্চ ল্যাবস আয়োজিত ‘ইয়ুথ-লেড সাসটেইনেবিলিটি অ্যাকশন রিসার্চ ২০২৬’ শীর্ষক প্রদর্শনী ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, টেকসই বাংলাদেশ গড়ে তুলতে এবং জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় শিশুদের শৈশব থেকেই পরিবেশ সম্পর্কে সচেতন করে তুলতে হবে। এ জন্য প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের পাঠ্যক্রমে জলবায়ু পরিবর্তন, নদী সুরক্ষা ও কার্বন নিঃসরণ বিষয়ে বাস্তবভিত্তিক শিক্ষা অন্তর্ভুক্ত করা প্রয়োজন।
অনুষ্ঠানে তরুণদের উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করে প্রতিমন্ত্রী বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন। এসব প্রকল্পের মধ্যে ছিল ড্রোনের মাধ্যমে অগ্নিনির্বাপণ, জিপিএস ছাড়াই লোকেশন শনাক্তকরণ, রোবটের মাধ্যমে চিকিৎসাসেবা, কার্বন নিঃসরণ হ্রাস এবং গ্রিন ক্লাইমেট ব্যবস্থাপনা।
তিনি তরুণদের এসব উদ্ভাবনী উদ্যোগকে দেশের টেকসই উন্নয়ন ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবিলায় ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
প্রতিমন্ত্রী বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়; এ ক্ষেত্রে তরুণ প্রজন্ম, শিক্ষাপ্রতিষ্ঠান ও সংশ্লিষ্ট সব পক্ষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রযুক্তিনির্ভর উদ্ভাবন এবং পরিবেশবান্ধব চিন্তাধারার বিকাশের মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।