মোহাম্মদ বাহার উদ্দিন
লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:
পশ্চিমভাগ দরবার শরীফের দুই মহামানব—প্রয়াত সৈয়দ ছিদ্দিকুর রহমান (রহ.) ও সৈয়দ মোজাক্কর আলম (রহ.)-এর স্মৃতিকে চিরভাস্বর রাখতে হবিগঞ্জের লাখাই উপজেলার ফুলবাড়িয়ায় অনুষ্ঠিত হলো বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও অপারেশন ক্যাম্প। মানবসেবার এই ব্যতিক্রমী আয়োজনটি রোববার (৩ আগস্ট) সকাল থেকে দিনব্যাপী চলে সিদ্দিকিয়া খানকাহ শরীফ প্রাঙ্গণে।
চক্ষু শিবিরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিমভাগ দরবার শরীফের বর্তমান পীর সৈয়দ নাসির উদ্দীন জুয়েল। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “গ্রামের মানুষ সময় ও সামর্থ্যের অভাবে চোখের মতো গুরুত্বপূর্ণ অঙ্গের সঠিক চিকিৎসা নিতে পারেন না। তাদের কথা বিবেচনায় নিয়েই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। ভবিষ্যতেও এমন সেবামূলক কর্মকাণ্ড অব্যাহত থাকবে।”
এই সেবামূলক উদ্যোগের সার্বিক তত্ত্বাবধান করেন দেশের খ্যাতনামা চক্ষু বিশেষজ্ঞ, দৃষ্টি উন্নয়ন সংস্থা (ডাস), ঢাকা’র প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক এবং ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের চক্ষুবিজ্ঞান বিভাগের অধ্যাপক ডা. মোঃ শাহীন রেজা চৌধুরী।
চিকিৎসা কার্যক্রমে অংশ নেন ইবনে সিনা হাসপাতাল, সিলেট-এর মেডিকেল অফিসার ডা. মোঃ জাহিদ হাসান, ডা. সাহিদ চক্ষু হাসপাতাল, হবিগঞ্জ-এর অপ্টমেট্রিস্ট মোঃ রেজাউর রহমান রিয়াদ ও ডিবিএল প্রজেক্ট ইনচার্জ নাহিদ হাসান চৌধুরী। ছানি অপারেশন কার্যক্রম সম্পন্ন হয় হবিগঞ্জের ডা. সাহিদ চক্ষু হাসপাতালে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ শাহীন মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন হবিগঞ্জ জেলা ওলামা দলের সভাপতি ক্বারি মোঃ কবির হোসেন, লাখাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহার উদ্দিন, দৈনিক ভোরের ডাক-এর উপজেলা প্রতিনিধি এম.এ ওয়াহেদ, মোড়াকরি ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার মিসির আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সেবার এই উজ্জ্বল দৃষ্টান্ত এলাকার দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে আশার আলো ফিরিয়ে এনেছে। এমন উদ্যোগ শুধু স্মরণ নয়, বরং মানবতার এক অনন্য উদাহরণ হিসেবেই চিহ্নিত হয়ে থাকবে।