সাজেদুর রহমান, মিঠাপুকুর রংপুর প্রতিনিধি :
আজকের মেধাবীরাই আগামী দিনের আলোকিত ভবিষ্য এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের মিঠাপুকুর উপজেলার জায়গীর আদর্শ উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে এক আনন্দঘন পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা পেশাজীবী পরিষদের সভাপতি হাফিজুর রহমান ফকির।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং লতিবপুর ইউনিয়ন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা মোস্তাফিজার রহমান, ৭নং লতিবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম এবং সাধারণ সম্পাদক মোঃ মনোয়ার হোসেন।
অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে প্রধান অতিথি বলেন, আজকের এই মেধাবী শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও জাতির নেতৃত্ব দেবে। তাই ভালো ফলাফলের পাশাপাশি তাদের নৈতিক ও মানবিক গুণাবলিসম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।
হাফিজুর রহমান ফকির আরো বলেন,শুধু ভালো ফলাফল অর্জন করাই শিক্ষার মূল উদ্দেশ্য নয়; বরং পড়াশোনার পাশাপাশি তোমাদের নৈতিক, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গঠনে তোমাদের মেধা ও মননকে কাজে লাগাতে হবে।এ সময় তিনি শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন এবং অভিভাবকদের সন্তানদের প্রতি আরও যত্নশীল হওয়ার আহ্বান জানান।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।