মোহাম্মদ বাহার উদ্দিন
লাখাই হবিগঞ্জ প্রতিনিধি:
লাখাইয়ে হঠাৎ করে কাঁচা মরিচের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। মাত্র দুই সপ্তাহ আগেও যে কাঁচা মরিচ ৩০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল, এখন সেটিই বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকায়। মূল্যবৃদ্ধির এই ধাক্কায় দিশেহারা হয়ে পড়েছেন সাধারণ ক্রেতারা।
উপজেলার বুল্লা বাজার, কালাউক সড়ক বাজারসহ বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা গেছে, দোকানদাররা কাঁচা মরিচ বিক্রি করছেন ৩৫০ থেকে ৪০০ টাকা কেজি দরে। অথচ সরবরাহে কোনো ঘাটতি নেই বলে দাবি করছেন অনেকেই।
বাজারে আসা কয়েকজন ভোক্তার অভিযোগ, প্রতিবছর বর্ষার সময় হালকা মূল্যবৃদ্ধি হলেও এবারকার বৃদ্ধি সম্পূর্ণ অযৌক্তিক ও অপ্রত্যাশিত। তারা মনে করছেন, কিছু অসাধু সরবরাহকারী ও বিক্রেতা কৃত্রিম সংকট তৈরি করে অধিক মুনাফা অর্জনের চেষ্টা করছেন।
ক্রেতা একেএম আব্দুস শাহেদ বলেন, “এমন দাম হঠাৎ বেড়ে যাওয়ায় আমরা মরিচের ব্যবহার কমিয়ে দিচ্ছি। এখন সারাবছরই কাঁচামরিচের চাষ হয়, তাই এমন অস্বাভাবিক মূল্যবৃদ্ধির যৌক্তিকতা নেই। হয়তো কিছুটা বাড়তে পারত, তবে চারগুণ বৃদ্ধি মেনে নেওয়া যায় না।”
এ বিষয়ে বাজারের ব্যবসায়ী জহিরুল ইসলাম, টেনু মিয়া ও আরব আলী জানান, “আমরা আড়ত থেকেই বেশি দামে মরিচ কিনতে বাধ্য হচ্ছি। ফলে বিক্রির দামও বেশি রাখতে হয়। বৃষ্টিপাতের অজুহাতে আড়তদাররাই দাম বাড়িয়ে দিয়েছেন।”
অথচ কৃষি ক্ষেত্রে গত কয়েক বছরে ব্যাপক প্রযুক্তিগত উন্নয়ন হয়েছে। কৃষকরা এখন আধুনিক মালচিং পদ্ধতি সহ নানা প্রযুক্তি ব্যবহার করে সারা বছর কাঁচামরিচসহ মৌসুমি সবজির উৎপাদন করে থাকেন। ফলে আগে বর্ষাকালে যেভাবে দাম বাড়ত, এখন তা কমে এসেছে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শাহাদুল ইসলাম বলেন, “বর্তমানে কাঁচা মরিচের অফ সিজন চলছে। এর প্রভাবেই দাম কিছুটা বেড়েছে। আমরা পরিস্থিতি নজরে রেখেছি এবং চেষ্টা করছি বাজার নিয়ন্ত্রণে রাখতে।”
অবশ্য অনেকের মতে, সরবরাহ স্বাভাবিক থাকা সত্ত্বেও শুধু ‘অফ সিজন’ বা বৃষ্টির অজুহাতে এমন চরম মূল্যবৃদ্ধি গ্রাহক ঠকানো ছাড়া কিছু নয়। এখন সময় এসেছে বাজার ব্যবস্থাপনায় কঠোর নজরদারির।