এম এ ওয়াহেদ
লাখাই হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জ-লাখাই-নাসিরনগর-সরাইল আঞ্চলিক মহাসড়ক চারলেনে উন্নীতকরণ প্রকল্প থেকে পূর্বে বাদ পড়া লাখাই অংশটি পুনরায় অন্তর্ভুক্তির লক্ষ্যে যোগাযোগ মন্ত্রণালয় একটি টেকনিক্যাল কমিটি গঠন করেছে। সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত প্রকল্প সংশ্লিষ্ট স্টিয়ারিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। যোগাযোগ সচিব অসুস্থ থাকায় বৈঠকে সভাপতিত্ব করেন অতিরিক্ত সচিব ড. জিয়াউল হক।
বৈঠকে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ও ইউনাইটেড ফর লাখাই-এর উপদেষ্টা জালাল আহমেদ সরেজমিনে লাখাই অংশ পরিদর্শনের জন্য অতিরিক্ত সচিবকে আহ্বান জানান। তিনি জানান, “মহাসড়কের লাখাই অংশটি চারলেন উন্নয়ন প্রকল্পে অন্তর্ভুক্ত করাই আমাদের প্রধান লক্ষ্য।”
প্রকল্প অগ্রগতির অংশ হিসেবে ৩০ জুন ইউনাইটেড ফর লাখাই-এর একটি প্রতিনিধি দল ঢাকায় সংগঠনের উপদেষ্টার কার্যালয়ে প্রকল্প কমিটির প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলের সদস্যরা ছিলেন—জয়েন্ট কোঅর্ডিনেটর এডভোকেট মোশাররফ হোসেন, সহকারী অধ্যাপক আতাউর রহমান অপূর্ব এবং এডভোকেট দেবাশীষ।
এ সময় উপদেষ্টা জালাল আহমেদ সরাসরি অতিরিক্ত সচিব ড. জিয়াউল হকের সঙ্গে ফোনে কথা বলেন এবং দ্রুত এলাকা পরিদর্শনের অনুরোধ জানান। তিনি প্রয়োজনে সচিবকে নিজে নিয়ে গিয়ে প্রকল্প এলাকা পরিদর্শনের আগ্রহ প্রকাশ করেন।
ইউনাইটেড ফর লাখাই-এর প্রধান সমন্বয়ক কাউসার মুমিন বলেন, “প্রকল্প থেকে লাখাই অংশ বাদ দেওয়ার পর থেকেই আমরা ধারাবাহিকভাবে সরকার সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে যোগাযোগ বজায় রেখেছি। আমাদের উপদেষ্টা জালাল আহমেদ নিয়মিত সচিব ও উপদেষ্টার কার্যালয়ে যোগাযোগ রেখেছেন। একইসাথে আমরা স্থানীয় আন্দোলনকারীদের সঙ্গেও সমন্বয় রেখেছি।”
তিনি আরও বলেন, “লাখাইবাসীর দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চনার অবসান ঘটাতে ‘ইউনাইটেড ফর লাখাই’ সামাজিক ও প্রশাসনিক উভয় স্তরে এডভোকেসি চালিয়ে যাবে।”